ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সম্মাননা তুলে দেন। বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এই পদকে ভূষিত করা হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয় প্রকাশিত তালিকা অনুযায়ী, এ বছর পদকপ্রাপ্তরা হলেন— অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস। এ ছাড়া সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ এবার একুশে পদক লাভ করেছে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিশিষ্ট ভাষাসৈনিক, সাহিত্যিক, শিল্পী ও গবেষকসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি দিতে ১৯৭৬ সাল থেকে এই জাতীয় পুরস্কার প্রদান করা হচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ