শপথে সার্ক দেশগুলোর প্রতিনিধিদেরই দাওয়াত: রিজওয়ানা হাসান

শপথে সার্ক দেশগুলোর প্রতিনিধিদেরই দাওয়াত: রিজওয়ানা হাসান

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে শুধু সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব পালন করবেন। তবে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে কোনো উপদেষ্টা উপস্থিত থাকবেন না। মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা উপস্থিত থাকবেন।

তিনি আরও জানান, নির্বাচিত রাজনৈতিক দলের চাওয়ায় শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে।

নতুন মন্ত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, তারা সহযোগিতা চাইলে অন্তর্বর্তী সরকার প্রস্তুত আছে। দুর্যোগপূর্ণ সময়ে দায়িত্ব নিয়ে সরকার কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন নিয়ে বিদেশি বন্ধু ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া আলোচনা হয়েছে বলে জানান তিনি। নির্বাচনের পর এক নারীর সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের ঘটনায় সরকারের পক্ষ থেকে সরাসরি কথা বলে সর্বোচ্চ ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা।

এ সময় তিনি দাবি করেন, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সংস্কার কার্যক্রম অনেকের অপছন্দ হওয়ায় একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন