ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও কূটনৈতিক স্থবিরতার জেরে গত ১৮ মাস ধরে বন্ধ থাকা ভারতীয় পর্যটন ভিসা পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে ১৬টি আইভ্যাক সেন্টারের মধ্যে মাত্র ৫টি (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা) থেকে সীমিত আকারে মেডিকেল ও ব্যবসায়িক ভিসা দেওয়া হচ্ছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, রোজার ঈদের আগে আগরতলা ও ডাউকি পোর্ট দিয়ে পর্যটন ভিসা চালু হতে পারে। পূর্ণাঙ্গ কার্যক্রম পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনের পর স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের পর নিরাপত্তা ইস্যুতে ভারত সব ধরনের ভিসা স্থগিত করে। অন্যদিকে, সংখ্যালঘু ইস্যু ও বিক্ষোভের মুখে ২২ ডিসেম্বর থেকে দিল্লিতে বাংলাদেশ মিশনের কনস্যুলার সেবা বন্ধ থাকলেও বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার ছয় দিনের মাথায় গত ২৩ ফেব্রুয়ারি থেকে তা পুনরায় চালু করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং লোকসভার স্পিকার ওম বিড়লার মাধ্যমে ঢাকা সফর ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে কাজ করার আমন্ত্রণ পাঠিয়েছেন। সম্প্রতি ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে 'জনকেন্দ্রিক সহযোগিতা' জোরদারে ভারত আগ্রহী বলে জানান। সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাসও ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও অগ্রগতি দৃশ্যমান। দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। রয়্যাল মৈত্রীর একটি বাস আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলায় প্রবেশ করেছে। এদিকে মৈত্রী, মিতালি ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচলের বিষয়েও আলোচনা চলছে। রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ১৫ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ভারত এখন পদ্মা সেতু রেল লিংক ব্যবহার করে মাত্র ৫ ঘণ্টায় ঢাকা-কলকাতা ট্রেন সার্ভিস পরিচালনায় আগ্রহী।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের নির্বাচন একটি বড় ফ্যাক্টর হলেও উভয় দেশই দ্রুত সম্পর্ক স্বাভাবিক করতে চায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন, দিল্লির সবুজ সংকেত পেলে দ্রুতই ভিসা জটিলতা নিরসন হবে। বর্তমানে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ