ফলাফল ঘোষণার পরও রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

ফলাফল ঘোষণার পরও রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক শালীনতা অটুট রাখার বিশেষ আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, "নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন সহনশীলতা ও শ্রদ্ধাবোধ বজায় থাকে। মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

ভোটগ্রহণ শেষে দেওয়া প্রতিক্রিয়ায় ড. ইউনূস বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রার্থীদের সংযমী আচরণ প্রমাণ করেছে যে এ দেশের মানুষ গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, "বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে যে, জনগণই সব ক্ষমতার উৎস। আমরা সম্মিলিতভাবে একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাব।"

নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি ও প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের বিশেষ ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তার মতে, তাদের পেশাদারত্ব ও নিষ্ঠার ফলেই দেশের ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ ও উৎসবমুখর একটি নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, এই নির্বাচন নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রার সূচনা করেছে। গণতন্ত্রকে শক্তিশালী করার এই অভিযাত্রায় তিনি দেশবাসীকে একযোগে কাজ করার আহ্বান জানান।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন