গাজার প্রায় ৯০ শতাংশ স্কুল ক্ষতিগ্রস্ত: জাতিসংঘ

গাজার প্রায় ৯০ শতাংশ স্কুল ক্ষতিগ্রস্ত: জাতিসংঘ

গাজায় ইসরায়েলের দুই বছরব্যাপী যুদ্ধের ফলে প্রায় ৯০ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি জানিয়েছে সংস্থাটি। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। 

যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, যে অল্পসংখ্যক স্কুল ভবন এখনও টিকে আছে, সেগুলোর বেশিরভাগই আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। ফলে শিশুদের অস্থায়ী শিক্ষাকেন্দ্র কিংবা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে।  

ইউএনআরডব্লিউএ আরও জানিয়েছে, গাজাজুড়ে যুদ্ধের সময় প্রায় ৯০ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেও তাদের দল শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৫৯১ ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৫৭৮ জনের বেশি আহত হয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৮ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের গাজা অভিযান টানা দুই বছর ধরে চলে। এতে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজারের বেশি আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। একই সঙ্গে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।
 
আই.এ/সকালবেলা

মন্তব্য করুন