ফরিদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ডিসি ও এসপি

ফরিদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ডিসি ও এসপি

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ফরিদপুর জেলার নির্বাচনী পরিবেশ ও ভোটদান প্রক্রিয়া সশরীরে পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ চলাকালীন ফরিদপুরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লা এবং পুলিশ সুপার নজরুল ইসলাম।

পরিদর্শনকালে তারা জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি, শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থার সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তারা ভোটকেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্ট এবং দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলেন এবং অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লা জানান, জেলাজুড়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ততা সন্তোষজনক।

পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “ভোটাররা যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়া এবং উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও অন্যান্য বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে।” তিনি আরও জানান, পুরো জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মাঠে কাজ করছে।

ফরিদপুরের আসনগুলোতে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ সারি গণতান্ত্রিক এই উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন