ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক ও আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও জনগণের ম্যান্ডেটের দিকে নিবিড়ভাবে নজর রাখছে প্রতিবেশী দেশ ভারত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ মন্তব্য করেন।
তিনি বলেন, "বাংলাদেশে আজ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলাফল না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আমরা দেখব জনগণের পক্ষ থেকে কেমন ম্যান্ডেট আসে, এরপর আমরা বাকি বিষয়গুলো বিবেচনা করব।"
রণধীর জয়সোয়াল আরও পুনর্ব্যক্ত করেন যে, নয়াদিল্লি সবসময়ই বাংলাদেশে একটি ‘অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য’ নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এই প্রথম বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ দেড় বছরের অন্তর্বর্তীকালীন শাসনের পর এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফেরার পথে। এবারের নির্বাচনে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে।
ফরাসি সংবাদ সংস্থা এএফপি-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তবে তৃণমূল পর্যায়ে জামায়াতে ইসলামীর ব্যাপক প্রচারণা এবং তাদের আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ইসলামপন্থী জোটের শক্ত অবস্থান বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বর্তমানে দেশজুড়ে গণনা চলছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। রাতের মধ্যেই গুরুত্বপূর্ণ আসনগুলোর প্রাথমিক ফলাফল আসতে শুরু করবে এবং শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরের মধ্যে পূর্ণাঙ্গ চিত্র পরিষ্কার হতে পারে।
নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন। বিশ্বজুড়ে এখন আগ্রহের কেন্দ্রে—কে হচ্ছে আগামী ৫ বছরের জন্য বাংলাদেশের নতুন কাণ্ডারি।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ