ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অভিনেতা তিনু করিম মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগের পর বাসায় ফিরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’খ্যাত এ অভিনেতা।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
গত নভেম্বরে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনু করিম। ২৪ নভেম্বর থেকে চিকিৎসাধীন থাকার পর ৩ ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি বরিশালে নিজ বাসায় ফেরেন।
বৃহস্পতিবার সকালে ভোট দিতে কেন্দ্রে যান এই অভিনেতা। ভোট দিয়ে বাসায় ফেরার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ফেসবুকে শোক প্রকাশ করে রাশেদ মামুন অপু লেখেন, ‘অভিনেতা তিনু করিম কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন। সুস্থ হয়ে বাড়ি (বরিশাল) গেল। আজকে ভোট দিয়ে বাসায় আসার পরপরই...। তোর সুস্থতার জন্য আমাদের সবার মিলিত যুদ্ধটা যখন উদযাপন করবো ভাবলাম..., সেই সুযোগটাই তুই দিলি না বন্ধু।’
তিনু করিম স্ত্রী হুমায়রা নওশিন ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।
দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনু। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক ঘটে তার। পরে ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’ সিনেমাসহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ