মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা করে দিয়েছে ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ)। একই সঙ্গে ওই বাসভবন থেকে তাঁর ছেলে আসজাদ মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় বাড়িতে উপস্থিত থাকা মাওলানা ফজলুর রহমানের ছেলে আসজাদ মাহমুদকে আটক করে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে সিডিএ চার পৃষ্ঠার একটি আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী, বাড়িটির মূল মালিক আমানুল্লাহর নামে থাকা আবাসিক প্লটের বরাদ্দ বাতিল করা হয়েছে। সরকারি সংস্থাগুলোর তথ্যের বরাতে আদেশে উল্লেখ করা হয়, আমানুল্লাহ একজন বিদেশি নাগরিক এবং তাঁর পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র ইতোমধ্যে বাতিল করা হয়েছে।
সিডিএ জানায়, ইসলামাবাদের সেক্টর জি-সিক্স/ফোরের ৮৩ নম্বর সড়কের ৭ নম্বর বাড়িটির মালিকানা হস্তান্তর তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। গত ২২ নভেম্বর স্পেশাল ব্রাঞ্চের দেওয়া এক প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে তদন্ত শুরু হয়।
সিডিএর তথ্যমতে, মা-বাবার পরিচয়পত্রের ভিত্তিতে আমানুল্লাহর পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। তবে পারিবারিক তথ্যে অসংগতি পাওয়ায় পাকিস্তানের জাতীয় তথ্যভান্ডার ও নিবন্ধন কর্তৃপক্ষ (নাদরা) তাঁর পরিচয়পত্র বাতিল করে। এরপর গত ২৫ নভেম্বর ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট বিষয়টি সিডিএকে অবহিত করেন।
ওই দিনই সিডিএ আমানুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং ২৬ নভেম্বর সিডিএর এস্টেট সদস্যের সামনে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়। নির্ধারিত দিনে তিনি হাজির না হওয়ায় সিডিএ কর্তৃপক্ষ বাড়িটির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেয়।
সরকারি নথিপত্র ও নাদরার যাচাই প্রতিবেদনের আলোকে সিডিএ জানিয়েছে, পাকিস্তানে বিদেশি নাগরিকদের সম্পত্তি অর্জনের ক্ষেত্রে আইনি বিধিনিষেধ রয়েছে। পূর্বানুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিক পাকিস্তানে জমি বা সম্পত্তি ক্রয় করতে পারেন না। এ কারণেই আমানুল্লাহর নামে থাকা ওই সম্পত্তির মালিকানা পরিবর্তন তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।
সূত্র: জিও নিউজ, ডেইলি জং
এআইএল/সকালবেলা