ভারত-ওমান বাণিজ্য চুক্তি কার্যকর, উপসাগরীয় অঞ্চলে খুলছে বিকল্প রুট
আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও ওমানের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর ফলে ভারতীয় রপ্তানিকারকরা ওমানের ৯৮.০৮ শতাংশ শুল্ক লাইনে সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবেন, যা ওমানে ভারতের মোট রপ্তানি মূল্যের ৯৯.৩৮ শতাংশকে অন্তর্ভুক্ত করে।
ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, এই চুক্তি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি নতুন বাজার তৈরি, রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান বাড়াতে বড় ভূমিকা রাখবে।
উপসাগরীয় অঞ্চলের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই চুক্তিটি কার্যকর হলো, যার কারণে বর্তমানে আন্তর্জাতিক সমুদ্রপথে হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচলে বড় ধরনের বাধা তৈরি হয়েছে। গত বছরের ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসকাট সফরের সময় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, যা চলতি মাস থেকে কার্যকর হচ্ছে।
এই বাণিজ্য চুক্তির ফলে ওমানের বাজারে ভারতের পণ্য রপ্তানি ব্যাপক হারে বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে প্রকৌশল পণ্য, ওষুধ, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, সামুদ্রিক পণ্য, বস্ত্র, রাসায়নিক, ইলেকট্রনিকস, প্লাস্টিক, রত্ন ও গয়না খাতের জন্য বাজারে প্রবেশাধিকার আরও সহজ হবে। চুক্তির আওতায় প্রাকৃতিক মধু, কাজু বাদাম, হাড়বিহীন মাংস, বেকারি পণ্য, চকলেট, মিনারেল ওয়াটার, চিজ, দই, হিমায়িত মাছ এবং মাখনের মতো বেশ কয়েকটি ভারতীয় পণ্য ওমানের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত সুবিধা পাবে। এর বাইরে ডিম রপ্তানি এবং প্রাণিজ ও উদ্ভিজ্জ চর্বি ও তেল রপ্তানিও বিশেষ সুবিধা পাবে, যেগুলোর ওপর বর্তমানে ওমানে ৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক রয়েছে।
পণ্য বাণিজ্যের পাশাপাশি এই চুক্তিতে সেবা খাত ও কর্মী চলাচল (মবিলিটি) সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি রয়েছে। এর আওতায় ভারতীয় পেশাজীবী, চুক্তিভিত্তিক সেবা প্রদানকারী, ব্যবসায়িক সফরকারী এবং স্বাধীন পেশাজীবীদের জন্য ওমানে অস্থায়ী অবস্থানের সুযোগ দেওয়া হবে।
হরমুজ প্রণালী ঘিরে সংঘাতের কারণে বর্তমানে উপসাগরীয় অঞ্চলে নৌ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এই প্রণালী দিয়ে বিশ্বে প্রতিদিন ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। চলমান সংকটের কারণে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে।
তবে ওমানের ভৌগোলিক অবস্থান তুলনামূলকভাবে বেশ সুবিধাজনক। ওমানের অনেক উপকূলীয় এলাকা হরমুজ প্রণালীর বাইরে আরব সাগর ও ওমান উপসাগরের সঙ্গে সরাসরি যুক্ত। ফলে বর্তমান বৈশ্বিক সংকটের সময়েও দেশটি ভারতের জন্য একটি নির্ভরযোগ্য বিকল্প বাণিজ্য ও জ্বালানি রুট হিসেবে কাজ করতে পারে।