দেশের প্রথম স্পেস ড্রামা চলচ্চিত্র ‘লিম্বো’ নিয়ে আসছেন অংশু

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ণ
দেশের প্রথম স্পেস ড্রামা চলচ্চিত্র ‘লিম্বো’ নিয়ে আসছেন অংশু

নিজস্ব প্রতিবেদক:অনন্ত রহস্যে ঘেরা মহাকাশ নিয়ে বিশ্ব চলচ্চিত্রে, বিশেষ করে হলিউডে, যুগের পর যুগ ধরে দারুণ সব সিনেমা নির্মিত হয়েছে। তবে দেশের চলচ্চিত্রে এতদিন স্পেস ড্রামা বা মহাকাশের কোনো গল্প দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা দূর করে ঢাকাই সিনেমায় এক নতুন অধ্যায় রচনা করতে চলেছেন জনপ্রিয় নির্মাতা তানিম রহমান অংশু। মহাকাশ তথা স্পেস ড্রামা ও কসমিক রোম্যান্সের পটভূমিতে তিনি নির্মাণ করতে যাচ্ছেন তার নতুন ছবি ‘লিম্বো’।

সম্প্রতি ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে একটি লোগো পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা। প্রকাশিত সেই পোস্টারে দেখা গেছে, একটি মহাকাশযানের জানালা দিয়ে বহুদূরে দেখা যাচ্ছে নীল গ্রহ পৃথিবীকে। আর জানালার দুই পাশে রয়েছে দুটি মানুষের হাত। পোস্টারটি দেখে আঁচ করা যায়, মহাকাশের বিশালতার মাঝে এক গভীর সম্পর্কের টানাপোড়েন ও দূরত্ব উঠে আসবে এই চলচ্চিত্রের গল্পে।

নতুন এই প্রজেক্ট নিয়ে তানিম রহমান অংশু একটি গণমাধ্যমকে জানান, এই ধরনের প্রেক্ষাপট ও জনরা নিয়ে বাংলাদেশে এর আগে কোনো চলচ্চিত্র নির্মিত হয়নি। ছবিটির ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) এবং গল্পের গভীরতায় দর্শক সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা পাবেন। বিশাল ক্যানভাসের এই সিনেমাটিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে তিনটি ভিন্ন দেশে এর শুটিং করা হবে। আগামী আগস্ট মাস থেকে ছবির শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপ ও চুক্তি প্রক্রিয়া শুরু হবে। শুটিং শেষ করে ছবিটি প্রথমে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে এবং এরপর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

২০১৯ সালে ‘ন ডরাই’ চলচ্চিত্রটি নির্মাণ করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন অংশু। এরপর দীর্ঘ সময় তাকে নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরা প্রসঙ্গে তিনি একটি গণমাধ্যমকে বলেন, “গত ৬-৭ বছরে বেশ কয়েকটি সিনেমার পরিকল্পনা আমার ছিল। তবে আমি এমন কিছু খুঁজছিলাম যা হবে ভীষণ চ্যালেঞ্জিং এবং যার গল্প এর আগে বাংলাদেশের দর্শকেরা কখনো দেখেনি। আমি সবসময়ই নতুন ধারা বা নতুন জনরা তৈরি করতে পছন্দ করি।”

তবে দেশের বর্তমান প্রেক্ষাপটে এমন বিশাল আয়োজনের ছবি নির্মাণ করা যে মোটেও সহজ নয়, তা অকপটে স্বীকার করেছেন নির্মাতা। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি একটি গণমাধ্যমকে জানান, ‘লিম্বো’ তার ক্যারিয়ারের অন্যতম একটি চ্যালেঞ্জিং প্রজেক্ট। বাংলাদেশে এই ধরনের সিনেমা নির্মাণ করা আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হলেও, একজন নির্মাতা হিসেবে তিনি এই কঠিন চ্যালেঞ্জটিই লুফে নিয়েছেন।

ভিন্নধর্মী ও সাড়াজাগানো এই স্পেস ড্রামা চলচ্চিত্রটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন