নির্বাচনের আগে অডিও ফাঁস নিয়ে বিতর্ক, যা বললেন জয় চৌধুরী
বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন করে বিতর্কে জড়িয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়ক জয় চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কণ্ঠের দাবি করা দুটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর থেকেই চলচ্চিত্রপাড়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভাইরাল হওয়া একটি অডিওতে জয় চৌধুরীকে বলতে শোনা যায়, “ভাই, মহিলা এমপি হতে কেউ চায় কিনা দেখেন। আমার কাছে দুটি কোটা আছে।” আরেকটি অডিওতে অর্থ লেনদেনের ইঙ্গিত দিয়ে বলতে শোনা যায়, “আমাদের এক লিডারের জাস্ট খরচের টাকা... ২ লাখ ইউরো ইতালি থেকে বাংলাদেশে আসবে। আপনার পরিচিত খুব কমে হুন্ডির যে রেট থাকে, ঢাকায় কে দিতে পারবে আমাকে জানাবেন।” এই অডিওতে অবৈধ হুন্ডি লেনদেনের বিষয়টি উঠে আসায় তা আইনি ও নৈতিক প্রশ্ন তৈরি করেছে।
বিতর্কের মুখে পড়ে গণমাধ্যমের কাছে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জয় চৌধুরী। তিনি অডিওর কণ্ঠ তার বলে স্বীকার করলেও দাবি করেন যে, কথোপকথনগুলো প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন। তিনি বলেন, “ব্যবসায়ীদের সঙ্গে মিটিংয়ের সময় আমাকে বলা হয়েছিল যে চাইলে মহিলা এমপির জন্য সুপারিশ করা যেতে পারে। আমি কেবল সেই কথাটিই পরিচিত একজনকে জানিয়েছি। এর বাইরে কোনো আর্থিক লেনদেন হয়নি। কেউ চাইলে আমার ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে দেখতে পারেন।”
উল্লেখ্য, জয় চৌধুরী এর আগেও নানা কারণে আলোচনায় এসেছেন। বিশেষ করে ২০২৪ সালে শিল্পী সমিতির নির্বাচন-পরবর্তী সময়ে এফডিসিতে সাংবাদিক ও শিল্পীদের সঙ্গে তার মারমুখী আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। তখন গণমাধ্যমকর্মীদের একাংশ তাকে বয়কটও করেছিলেন।
শিল্পী সমিতির নির্বাচনের ঠিক আগে ফাঁস হওয়া এই নতুন অডিও ক্লিপগুলো নির্বাচনকে কতটা প্রভাবিত করবে কিংবা জয়ের প্রার্থিতার ওপর কোনো প্রভাব ফেলবে কি না—তা নিয়ে এখন চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে।
জান্নাত সকালবেলা
|