পলাশের সঙ্গে নজর কাড়লেন, কে এই তরুণী

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ণ
পলাশের সঙ্গে নজর কাড়লেন, কে এই তরুণী

বিনোদন ডেস্ক: দুই বছর আগে দর্শকদের নজর কেড়েছিল নাজমুল হুদা ইমনের নাটক ‘ভ্যানিশিং ম্যান’। সেই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পেয়েছে এর দ্বিতীয় কিস্তি ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’। নাটকটিতে জিয়াউল হক পলাশের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন নবাগতা শেগুফতা আহমেদ জারবীনি। মুক্তির অল্প সময়ের মধ্যেই নাটকটি ৬০ লাখের বেশি ভিউ পেয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

প্রথম নাটকে পার্শ্ব চরিত্রে থাকলেও সিক্যুয়েলে শেগুফতা আহমেদ জারবীনিকে দেখা গেছে কেন্দ্রীয় চরিত্রে। নিজের এই অভিষেক নিয়ে জারবীনি বলেন, “শুটিং শুরুর এক সপ্তাহ আগে জানতে পারি আমি প্রটাগনিস্ট হিসেবে থাকব। খবরটি শুনে খুব উচ্ছ্বসিত ছিলাম, আবার কিছুটা নার্ভাসও লেগেছে। চেষ্টার কোনো ত্রুটি রাখিনি।” তিনি আরও জানান, দর্শকদের থেকে পাওয়া এই অভূতপূর্ব সাড়া তার জন্য একেবারেই নতুন ও উপভোগ্য এক অভিজ্ঞতা।

সোশ্যাল মিডিয়ায় জারবীনির ন্যাচারাল অভিনয় ও পলাশের সঙ্গে তার রসায়নের প্রশংসা করছেন দর্শক। অনেকেই মন্তব্য করছেন, তাকে পলাশের সঙ্গে দারুণ মানিয়েছে এবং অভিনয়ে কোনো ‘ওভার অ্যাক্টিং’ নেই। নাটকটির নির্মাতা নাজমুল হুদা ইমন বলেন, “পলাশ ও জারবীনির জুটি দর্শক দারুণভাবে গ্রহণ করেছে। নতুন হিসেবে জারবীনি অসাধারণ পারফর্ম করেছে।”

‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’-এ পলাশ ও জারবীনি ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ বাচ্চু, এরফান মৃধা শিবলু, জাবেদ গাজি, ফরহাদ জুলফিকার, আনোয়ার হোসেন, শাহানা স্বপ্না এবং শরীফ আজম।

এর আগে ‘কুড বি আস!’ ও ‘কুলেজ’-এ কাজ করলেও এই নাটকটি জারবীনির অভিনয় ক্যারিয়ারে নতুন উচ্চতা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন