পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ণ
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধন করে শাস্তির মেয়াদ, জরিমানা ও কারাদণ্ডের বিধান পরিবর্তনের জোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। আজ রোববার (২৮ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মাঠপর্যায়ের সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত ও বাস্তবতার ভিত্তিতে পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত নতুন আইনে অপরাধের গুরুত্ব বিবেচনায় শাস্তির মেয়াদ, আর্থিক জরিমানা ও কারাদণ্ডের বিষয়ে কঠোর ও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে। এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের গুরুত্বপূর্ণ এই কার্যদিবসের সাধারণ অধিবেশন শুরু হয়।

একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে অতীতের রাজনৈতিক বিবেচনা ও নানা অনিয়মের অভিযোগের কথা উল্লেখ করে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিগত বছরগুলোয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা প্রদানে অযোগ্যদের প্রাধান্য ও নানা রাজনৈতিক বিবেচনা এবং অনিয়মের স্পষ্ট অভিযোগ রয়েছে। মন্ত্রণালয় এই অনিয়মগুলোর বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যে প্রকৃত দুস্থ, অসচ্ছল ও যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করা এবং ভুয়া বা অযোগ্য সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দিতে দেশব্যাপী একটি বিশেষ শুদ্ধি অভিযান শুরু হয়েছে। এ লক্ষ্যে গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ভাতার তালিকা পুনর্যাচাই করার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

সংসদে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগী ও সামাজিক ভাতা বাড়ানোর একাধিক প্রস্তাব তুলে ধরেন মন্ত্রী। ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মানুষের গড় আয়ু বৃদ্ধির ফলে দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন বাড়ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৬১ লাখ প্রবীণ নাগরিক মাসে ৬৫০ টাকা করে ভাতা পাচ্ছেন, যার জন্য বার্ষিক বরাদ্দ রয়েছে ৪ হাজার ৭৯১ কোটি ৩১ লাখ টাকা। তবে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবীণ উপকারভোগীর সংখ্যা আরও বাড়িয়ে ৬২ লাখ করা এবং মাসিক ভাতা ৭০০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এ খাতে সরকারের মোট প্রস্তাবিত বরাদ্দ ৫ হাজার ২৩৯ কোটি ২৫ লাখ টাকা।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী জানান, আগামী অর্থবছরে ৩০ লাখ বিধবা ও স্বামী-নিগৃহীতা নারীকে মাসে ৭০০ টাকা করে সামাজিক ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ জন্য বাজেটে ২ হাজার ৫৩৫ কোটি ১২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। যেখানে চলতি অর্থবছরে ২৯ লাখ উপকারভোগী নারী মাসে ৬৫০ টাকা করে ভাতা পাচ্ছেন। মন্ত্রী আরও জানান, আগামী অর্থবছরে ৩৮ লাখ প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তাদের মাসিক ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে এবং এ খাতে মোট ৪ হাজার ৫৮৭ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের ৪৪টি জেলার ৫৫টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সিটি করপোরেশন এলাকায় পাইলট প্রকল্পের আওতায় তিন ধাপে ৫৬টি ইউনিটে ৬৯ হাজার ৩৮৭টি নারী-প্রধান পরিবারের নামে ‘ফ্যামিলি কার্ড’ সফলভাবে বিতরণ করা হয়েছে, যা মাঠপর্যায়ের তথ্য নিয়মিত হালনাগাদের মাধ্যমে আরও বৃদ্ধি পাবে।

এদিকে, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সংসদকে জানান, বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে, যা মূলত বিদ্যুৎ বাণিজ্যিক উৎপাদন শুরুর আগের সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারিগরি ধাপ। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি বছরের আগস্টের শেষ নাগাদ প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এর মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে পারমাণবিক শক্তি থেকে উৎপাদিত পরিচ্ছন্ন বিদ্যুৎ যুক্ত হতে যাচ্ছে, যা বাংলাদেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গ্রিন এনার্জি ব্যবহারে এক নতুন ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করবে।

মন্তব্য করুন