ইনানী সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ণ
ইনানী সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া তরুণ পর্যটক মোহাম্মদ সায়েমের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের পরদিন আজ রবিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজু ব্রিজের উত্তর পাশের একটি খাল থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুয়াইশস্থ ভরাপুকুর এলাকার রাহাত খান চৌধুরী বাড়ির ইকবালের একমাত্র ছেলে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে শোকের মাতম।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ জুন) দুপুরের দিকে হাটহাজারী থেকে বন্ধুদের সাথে কক্সবাজার ভ্রমণে যান সায়েম। পরে তিনি ও তাঁর বন্ধু আরমান উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটিঘাটের দক্ষিণ পাশে সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের তীব্র স্রোতের টানে সায়েম পানিতে তলিয়ে যান। তাঁর বন্ধু আরমান তীরে উঠতে সক্ষম হলেও সায়েম নিখোঁজ থাকেন। খবর পেয়ে স্থানীয় লাইফগার্ড ও কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও প্রথম দিন তাঁর কোনো সন্ধান পাননি।

আজ সকাল ১০টার দিকে জোয়ারের টানে রেজু ব্রিজের উত্তর পাশের খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও প্রশাসনকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সায়েমের মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার লোকমান হাকিম জানান, নিহত সায়েমের লাশ নিয়ে তাঁর বাবা ইকবালসহ স্বজনেরা কক্সবাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। সায়েমের এমন অনাকাঙ্ক্ষিত অকালমৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন