রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের মৌখিক (ভাইভা) পরীক্ষা দিতে এসে সাধারণ শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সজিব আলী।
আজ রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক সজিব আলী রাজশাহী মহানগরীর মতিহার থানার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
কলেজ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের অনিয়মিত শিক্ষার্থী। আজ সকালে তিনি বিভাগে মৌখিক পরীক্ষা অংশ নিতে ক্যাম্পাসে আসেন। এ সময় বিগত সময়ে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের নজরে এলে তাঁরা সজিবকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনেই তাঁকে অবরুদ্ধ করে আটকে রাখা হয় এবং কলেজ প্রশাসনের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল দ্রুত রাজশাহী কলেজ ক্যাম্পাসে পৌঁছে শিক্ষার্থীদের হাত থেকে সজিব আলীকে হেফাজতে নেয়।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সজিবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে আগের কোনো মামলা বা অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এআইএল/সকালবেলা
|