এসএসসিতে শতভাগ পাস ৬৬৯ প্রতিষ্ঠানে, ৩১২টিতে সবাই ফেল
অনলাইন ডেস্কঃ প্রকাশিত ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অর্থাৎ, এসব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী সব শিক্ষার্থী সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
বিপরীতচিত্রে, দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থীই পাসের মুখ দেখতে পায়নি; অর্থাৎ এসব প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
আজ সোমবার (১০ আগস্ট, ২০২৬) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এ ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের মোট ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, গত বছর অর্থাৎ ২০২৫ সালে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৮৪টি এবং শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩৪টি। সেই হিসাবে এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩১৫টি কমেছে এবং শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৭৮টি বেড়েছে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে সম্মিলিত গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ, যা গত বছরের ৬৮.৪৫ শতাংশের চেয়ে কম।
এ ছাড়া চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। ফলে বিদায়ী বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও হ্রাস পেয়েছে।
|