কালিয়াকৈরে সাইজুদ্দিন আহমেদের কর্মিসভা অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ণ
কালিয়াকৈরে সাইজুদ্দিন আহমেদের কর্মিসভা অনুষ্ঠিত

ফজলে রাব্বি (কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি): গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদের সমর্থনে বিশাল কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার সফিপুর বাজারস্থ বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শত শত নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সভাস্থল মুখরিত হয়ে ওঠে।

আব্দুস সবুর সরকারের সভাপতিত্বে এবং গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মণ্ডল ও কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদশা মিয়ার যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সাইজুদ্দিন আহমেদ পৌর এলাকায় সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে বলেন, “কালিয়াকৈর পৌরসভায় কোনো ধরনের চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাস কিংবা মাদকসেবীদের আস্তানা থাকতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে চাঁদাবাজ ও মাদক কারবারিদের পৌর এলাকা থেকে উৎখাত করা হবে।”

পৌরবাসীর সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “অর্থের অভাবে যেসব মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাদের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব আমি নেব। পাশাপাশি কোনো অসচ্ছল পরিবারের সদস্য অর্থাভাবে চিকিৎসা করাতে না পারলে, তাদের চিকিৎসার দায়িত্বও আমার ওপর থাকবে। সর্বোপরি, জনগণের ভোটে মেয়র নির্বাচিত হলে কালিয়াকৈরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তুলব।”

কর্মিসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার সাবেক কাউন্সিলর আহাদ আলী সরকার, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাবউল্লাহ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জুলফিকার আহমেদ জনি, সফিপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারিসুজ্জামান, শিক্ষক প্রতিনিধি নীরেন্দ্র চন্দ্র বর্মন, নেহাল উদ্দিন চৌধুরী, কালিয়াকৈর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম সরকার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এআইএল/সকালবেলা