শিশু ধর্ষণ মামলায় মোংলা বন্দরকর্মী গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ণ
শিশু ধর্ষণ মামলায় মোংলা বন্দরকর্মী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে করা মামলার দীর্ঘ ১৪ দিন পর মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) হবিগঞ্জ থেকে বিশেষ একটি দলের সহযোগিতায় অভিযুক্ত ইয়ার মুহাম্মদ সুমীরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁকে মোংলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হলে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আসামি গ্রেপ্তারের পর দ্রুত বিচার সম্পন্ন করে লম্পট ওই কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিশুর পরিবার।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আসামি গ্রেপ্তার ও তাঁকে আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে বন্দর এলাকার মাধবী আবাসিক কোয়ার্টারে অভিযুক্তের বাসায় খেলতে যায় পাঁচ বছর বয়সী শিশুটি। ওই সময় অভিযুক্তের স্ত্রী ঘুমাচ্ছিলেন—এই সুযোগকে কাজে লাগিয়ে চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে নিজের শয়নকক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন অভিযুক্ত ইয়ার মুহাম্মদ সুমীর। ঘটনার পর শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে তার মাকে সব খুলে বলে।

পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তার চিকিৎসা চলে। অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রিসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এ ঘটনায় গত ৩০ অক্টোবর শিশুটির বাবা ইব্রাহিম মিয়া বাদী হয়ে মোংলা থানায় একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী শিশুর বাবা মো. ইব্রাহিম মিয়া বলেন, “আমার ছোট্ট মেয়ের ওপর এমন পৈশাচিক নির্যাতনের ঘটনায় আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। পুলিশ দীর্ঘ ১৪ দিন পর হলেও মূল আসামিকে গ্রেপ্তার করেছে, এতে আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। তবে আমরা কেবল গ্রেপ্তার চাই না, দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে এই নরপশুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নৃশংসতার শিকার হতে না হয়।”

অভিযুক্ত ইয়ার মুহাম্মদ সুমীর মোংলা বন্দর কর্তৃপক্ষের সিভিল অ্যান্ড হাইড্রোলিক্স বিভাগের সিনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি হবিগঞ্জ জেলায়।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল আরিফ বিল্লাহ জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত কর্মচারীকে ইতোমধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাঁর নামে বরাদ্দকৃত আবাসিক ফ্ল্যাটের বরাদ্দও বাতিল করা হয়েছে। এ ছাড়া পুরো বিষয়টি তদন্তের জন্য বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, পলাতক আসামিকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করে থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

এআইএল/সকালবেলা