গোপালগঞ্জে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

বিশেষ প্রতিনিধি: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় দ্রুতগতির বাসের ধাক্কায় মহিবুল মোল্লা (৪৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও তিন পথচারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই উত্তেজিত ও বিক্ষুব্ধ স্থানীয় জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার জেরে ব্যস্ততম ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে, ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহত মহিবুল মোল্লা সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মহিবুল মোল্লা চন্দ্রদিঘলিয়া হাট থেকে প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি বেপরোয়া এসি বাস তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় বাসের ধাক্কায় রাস্তার পাশে থাকা আরও তিন পথচারী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত বিক্ষুব্ধ স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং খুলনাগামী ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে এনেছেন এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/সকালবেলা