আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও জনবলসংকটে চরম ভোগান্তি
পিএম সাজ্জাদ শরীফ (আমতলী, বরগুনা প্রতিনিধি): বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও কর্মচারীদের যথাসময়ে অনুপস্থিতি, প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট, সুপেয় পানির অভাব এবং প্রকট জনবলসংকটের কারণে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮টায় হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা পার হয়ে গেলেও বিভিন্ন বিভাগে অনেক চিকিৎসক, নার্স ও কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত পাওয়া যায়নি। অথচ ওই সময় হাসপাতালে ৩০ থেকে ৪০ জন রোগী বিভিন্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন। নির্ধারিত সময়ে চিকিৎসকদের উপস্থিতি না থাকায় রোগীদের সময়মতো সেবা পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়।
হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন রোগী অভিযোগ করেন, চিকিৎসকেরা নিয়মিত ও সময়মতো নিজেদের দায়িত্ব পালন করেন না। এ ছাড়া হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হয় না। ফলে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী অধিকাংশ ওষুধই চড়া দামে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন রোগীরা।
জরুরি বিভাগে সেবা নিতে আসা আবু সুফিয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাত্র পাঁচ টাকার টিকিট কেটে ডাক্তার দেখাতে এসেছি। ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেও হাসপাতাল থেকে শুধু নাপা দেওয়া হয়েছে। বাকি সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে। সরকারি হাসপাতালে এসেও যদি নিজের টাকা খরচ করে বাইরে থেকে ওষুধ কিনতে হয়, তবে এখানে আসার অর্থ কী?”
নাসির নামের এক রোগীর স্বজন জানান, হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশের অবস্থাও ভালো নয়। এর ওপর সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও পানি বাইরে থেকে সংগ্রহ করায় তাঁদের বাড়তি কষ্ট ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
হাসপাতালের ভেতরে সুপেয় পানির সংকট বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, চত্বরে থাকা চারটি নলকূপই দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে বাধ্য হয়ে রোগী ও তাঁদের স্বজনদের খাবার পানির জন্য হাসপাতালের বাইরে যেতে হচ্ছে অথবা অন্য স্থান থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে।
হাসপাতালের সামগ্রিক এমন অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সচেতন নাগরিক আব্দুর রহমান সালেহ বলেন, “হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও সেবার ঘাটতিগুলো দ্রুত নিরসনে কর্তৃপক্ষের কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। রোগীরা যেন চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ার জন্য কোনোভাবেই বাইরে যেতে বাধ্য না হন, তা নিশ্চিত করতে হবে।”
এ বিষয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. হিমেল পাল বলেন, “হাসপাতালে কর্মরত সব চিকিৎসক ও কর্মচারীর নির্ধারিত সময়ে উপস্থিতি বাধ্যতামূলক। কেউ যদি ইচ্ছাকৃতভাবে দায়িত্ব অবহেলা করে দেরিতে উপস্থিত হন, তবে তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
সুপেয় পানির সংকট প্রসঙ্গে তিনি আরও জানান, হাসপাতালের অধিকাংশ নলকূপ অগভীর হওয়ায় সেগুলোতে পানি উঠছে না। এই সমস্যা চিরতরে দূর করতে একটি সাবমার্সিবল পাম্প স্থাপনের জন্য উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে।
হাসপাতালে বিদ্যমান জনবলসংকটের কথা স্বীকার করে ডা. হিমেল পাল বলেন, ৫০ শয্যার এই গুরুত্বপূর্ণ হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত ৩১টি পদের বিপরীতে বর্তমানে মাত্র ১০ জন কর্মরত আছেন। এ ছাড়া নার্সের ৩৮টি পদের বিপরীতে আছেন ৩০ জন। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, হাসপাতালে কোনো মেডিকেল টেকনোলজিস্ট নেই এবং আধুনিক ডিজিটাল চিকিৎসাসামগ্রীরও তীব্র সংকট রয়েছে। এসব জনবল ও সরঞ্জামের ঘাটতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে অবহিত করা হয়েছে।
এআইএল/সকালবেলা