রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৪৭

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৪৭

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডিএমপির নিয়মিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে ডিএমপির পরিচালিত এসব অভিযানে রাজধানীজুড়ে বিভিন্ন অপরাধ সংক্রান্ত মোট ৫৮টি নতুন মামলা দায়ের করা হয়েছে।

বিভাগভিত্তিক গ্রেপ্তারের পরিসংখ্যানে জানা যায়—মিরপুর বিভাগ সবচেয়ে বেশি ১০১ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া তেজগাঁও বিভাগ ৭০ জন, মতিঝিল বিভাগ ৬৭ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, উত্তরা বিভাগ ৪৭ জন, গুলশান বিভাগ ২৯ জন, রমনা বিভাগ ২৭ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযান পরিচালনাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ টি রামদা, ৩ টি চাকু, ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০০০ পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন, ১৯ বোতল ফেনসিডিল, নগদ ১৬ হাজার ২০০ টাকা এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাগুলোতে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধ দমনে ডিএমপির এমন নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।