ফেনীতে আইসক্রিম কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ
ফেনীতে আইসক্রিম কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা

এম. জহিরুল হক মিলন (ফেনী প্রতিনিধি): অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং অননুমোদিত ক্ষতিকর কেমিক্যাল রং ব্যবহারের অভিযোগে ফেনীতে ‘ডলফি আইসক্রীম’ নামক একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ফেনী সদর উপজেলায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ‘ডলফি আইসক্রীম’ ও ‘সনি আইসক্রীম’ কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।

অভিযান পরিচালনাকালে ডলফি আইসক্রীম কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে প্রক্রিয়াজাতকরণ, অনুমোদনহীন রাসায়নিক রং মেশানো এবং কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকাসহ নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর একাধিক ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অপরদিকে, ‘সনি আইসক্রীম’ কারখানায় পরিবেশগত কিছু অসংগতি দেখা দেওয়ায় মালিকপক্ষকে সতর্ক করার পাশাপাশি ত্রুটিগুলো দ্রুত সংশোধনে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, জেলা সদর স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহমান এবং ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিকসহ জেলা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল। ভ্রাম্যমাণ আদালত শেষে সংশ্লিষ্ট সব ব্যবসা প্রতিষ্ঠানকে আইন মেনে নিরাপদ খাদ্য সরবরাহের কড়া নির্দেশনা প্রদান করা হয়।

এআইএল/সকালবেলা