পাসের হার কম, অনেক আসন খালি থাকবে: শিক্ষামন্ত্রী
বিশেষ প্রতিনিধি: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, "চলতি বছর পাসের হার তুলনামূলক কম হওয়ায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর আসন খালি থাকবে। ফলে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের কোনো বিড়ম্বনায় পড়তে হবে না।"
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড় ১০টায় কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজিত ‘৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদবোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বাধিক প্রাধান্য দেওয়ার পাশাপাশি খেলাধুলা, আনন্দময় শিখন ও কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। দেশের এই বিশাল জনগোষ্ঠীকে যোগ্য ও দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।"
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় এই জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দেশের বকুল, গোলাপ, পদ্ম ও চাঁপা—এই চার অঞ্চলের তিন শতাধিক সেরা ক্রীড়াবিদ চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে। প্রতিযোগিতা কেন্দ্র করে পুরো স্টেডিয়াম এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এআইএল/সকালবেলা