রাজবাড়ীতে মশা, জোঁক ও সাপের আতঙ্কে ২৪৬ শিক্ষার্থী

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ণ
রাজবাড়ীতে মশা, জোঁক ও সাপের আতঙ্কে ২৪৬ শিক্ষার্থী

রাসেল মিয়া (রাজবাড়ী প্রতিনিধি): রাজবাড়ী সদর উপজেলার চন্দনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দীর্ঘ এক মাস ধরে হাঁটুসমান পানিতে ডুবে রয়েছে। জমাটবদ্ধ নোংরা পানিতে মশা, জোঁক ও সাপের উপদ্রব দেখা দেওয়ায় চরম আতঙ্ক ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে আসতে হচ্ছে ২৪৬ কোমলমতি শিক্ষার্থীকে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিচু স্থানে বিদ্যালয়টি অবস্থিত হওয়ায় সামান্য বৃষ্টিতেই পুরো প্রাঙ্গণে পানি জমে যায়। কিন্তু কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় মাসের পর মাস এই জলাবদ্ধতা লেগে থাকে। দীর্ঘদিনের পচা পানি থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। মাঠ প্লাবিত থাকায় কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা, শারীরিক চর্চা ও প্রাত্যহিক সমাবেশ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

জলাবদ্ধতার পাশাপাশি বিদ্যালয়টিতে রয়েছে তীব্র শ্রেণিকক্ষ সংকট। ২৪৬ জন শিক্ষার্থীর পাঠদানের জন্য রয়েছে মাত্র তিনটি কক্ষ। ফলে সংকুলান না হওয়ায় কক্ষগুলোতে গাদাগাদি করে গুমোট পরিবেশে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা।

ঝুঁকিপূর্ণ এই পরিস্থিতি নিরসনে দ্রুত মাঠ ভরাট, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং শিক্ষার্থীদের জন্য নতুন বহুতল ভবন বরাদ্দের দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। কোমলমতি শিশুদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এআইএল/সকালবেলা