মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে পড়ে নিহত ১
নাজমুল হাসান (মাদারীপুর প্রতিনিধি): মাদারীপুরে ইটভাঙা ট্রলির নিচে চাপা পড়ে আরিয়ান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার নয়াচর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান একই এলাকার আরমান খাঁর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চরমুগরিয়া থেকে একটি ইটভাঙা মেশিনবাহী ট্রলি নিয়ে কয়েকজন শ্রমিক গুচ্ছগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়াচর এলাকায় শিশু আরিয়ান রাস্তা পার হতে গেলে ইটভাঙা মেশিনটি তাকে সরাসরি পিষ্ট করে। পরবর্তীতে স্থানিয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা