দোয়ারাবাজারে মদসহ চোরাকারবারিকে ধরে পুলিশে সোপর্দ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩০ বোতল বিদেশি মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ শুভ্রত তালুকদার (৩০) নামে এক চোরাকারবারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে দোয়ারাবাজার থানা পুলিশের হাতে তুলে দেন।
আটককৃত শুভ্রত জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সুজিত তালুকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সিএনজি অটোরিকশায় বিদেশি মদের চালান নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে গাড়িটি গতিরোধ করে তল্লাশি চালিয়ে ১২ বোতল ‘সিগ্রামস ব্লেন্ডার্স প্রাইড’ ও ১৮ বোতল ‘মাস্টার ব্লেন্ডার্স সিগনেচার হুইস্কি’সহ মোট ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবক, উদ্ধারকৃত মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা নিজেদের হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, উদ্ধারকৃত মদ ও সিএনজিসহ আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এআইএল/সকালবেলা