দিল্লিতে মোদির কাছে ‘ঢাকার বার্তা’ পৌঁছালেন দীনেশ ত্রিবেদী

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ণ
দিল্লিতে মোদির কাছে ‘ঢাকার বার্তা’ পৌঁছালেন দীনেশ ত্রিবেদী

বিশেষ প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিল্লিতে স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপাক্ষিক নানাবিধ ইস্যুতে ঢাকার বর্তমান কূটনৈতিক অবস্থান ও মনোভাব সম্পর্কে ভারতীয় নেতৃত্বকে অবহিত করতেই তাঁর এই আকস্মিক দিল্লি সফর। এর আগে সোমবার রাতে তিনি ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন।

তবে এই ঝটিকা সফর নিয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)—কোনো পক্ষের তরফ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদীই প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যাকে কোনো পেশাদার ডিপ্লোম্যাট ক্যাডার থেকে নয়, বরং সরাসরি রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়। ফলে দিল্লিতে অনুষ্ঠিত সফরগুলোতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেই রিপোর্ট করে থাকেন।

তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা এগোলেও তা চূড়ান্ত রূপ নেয়নি। পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার দাবি এবং আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া ৩০ বছর মেয়াদি ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন সংক্রান্ত অচলাবস্থা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কূটনৈতিক টানাপোড়েন বজায় রেখেছে।

সূত্র: দৈনিক আমার দেশ

এআইএল/সকালবেলা