রাজধানীতে ডিএমপির অভিযানে একদিনে ৫৩৪ জন আটক
অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানাধীন এলাকায় পরিচালিত এসব অভিযানে মোট ৫৩৪ জনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক ৩৭টি নতুন মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানানো হয়, নগরীর বিভিন্ন অপরাধ বিভাগে সমন্বিত এই অভিযান পরিচালিত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫২ জনকে আটক করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগে ৯৫ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৩৩ জন, গুলশান বিভাগে ৩০ জন, রমনা বিভাগে ২৩ জন এবং ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ২ জনকে আটক করেছে।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি গাঁজা, ১ হাজার ৫০৬ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন ও ৪টি চাকু উদ্ধার করা হয়। এছাড়া অভিযানের সময় অপহৃত/আটকে রাখা ১ জন ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
ডিএমপি পুলিশ কর্মকর্তা মো. আকতার হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং অপরাধ দমনে এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
সকালবেলা / নুসরাত