যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানযাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় একটি বেপরোয়া ট্রাকের চাপায় মুরগিবাহী ব্যাটারিচালিত রিকশাভ্যানের এক আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সংঘটিত এই দুর্ঘটনায় ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরের দিকে কাপ্তান বাজার থেকে মুরগি কিনে মুরগি ব্যবসায়ীর সহকারী শামীম (৩৫) একটি ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যাত্রাবাড়ী চৌরাস্তায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের ভ্যানটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামীম মারা যান এবং ভ্যানচালক রাসেল (২০) মারাত্মক আহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে নিহত শামীমের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শামীম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের শাহজাহানের ছেলে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট মুরগি ব্যবসায়ী ঘটনাস্থলে পৌঁছে ভ্যানে থাকা মুরগিগুলো নিরাপদে সরিয়ে নেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সকালবেলা / নুসরাত