ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রাসেল রানা মেহেদী, ঠাকুরগাঁও: একই দিনে জন্ম, একই সঙ্গে বেড়ে ওঠা আর এবার জীবনের প্রথম বড় পরীক্ষা এসএসসিতেও তারা অংশ নিচ্ছে একসঙ্গে। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর গ্রামের তিন বোন স্বপ্নীল বর্মন, স্বর্ণালী বর্মন ও সেঁজুতি বর্মনের এই অনন্য গল্প এখন জেলাজুড়ে মুখে মুখে।
মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে তারা।
২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই তিন বোন ছোটবেলা থেকেই একসুতোয় গাঁথা। পরীক্ষার আগের দিন বিকেলে তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, একই টেবিলে পাশাপাশি বসে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা। একে অন্যকে পড়া ধরিয়ে দেওয়া কিংবা ভুল শুধরে দেওয়ার মধ্য দিয়ে তাদের গভীর বন্ধন ফুটে ওঠে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হলেও তাদের লক্ষ্য ভিন্ন—স্বপ্নীল হতে চায় বিসিএস ক্যাডার, স্বর্ণালী চিকিৎসক এবং সেঁজুতি হতে চায় শিক্ষক।
বাবা ঠান্ডারাম বর্মন ও মা ময়না রানী সেনের চার সন্তানের মধ্যে এই তিন বোনই পরিবারের মূল আকর্ষণ। মা ময়না রানী জানান, একসঙ্গে তিন সন্তানকে বড় করা চ্যালেঞ্জিং হলেও তাদের পারস্পরিক ভালোবাসা সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পর্যন্ত তাদের শিক্ষাজীবনের প্রতিটি ধাপ কেটেছে একসঙ্গে। শিক্ষকরা জানান, একই পোশাকে থাকায় অনেক সময় তাদের আলাদা করে চিনতে বিশেষ চিহ্ন ব্যবহার করতে হতো।
শুধু পড়াশোনাতেই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও এই তিন বোন সমান পারদর্শী। তারা বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও কেন্দ্রের তালিকাভুক্ত শিশুশিল্পী। পড়াশোনার ফাঁকে দেশাত্মবোধক গান গাইতে তারা ভীষণ ভালোবাসে। অবসর কাটে উপন্যাস ও বিজ্ঞান কল্পকাহিনি পড়ে।
শুরুতে তিন কন্যাসন্তান নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকলেও বর্তমানে মেয়েদের মেধা ও সাফল্যে গর্বিত বাবা ঠান্ডারাম বর্মন। তিনি বলেন, “ওরা যেন ভালো মানুষ হয়ে দেশের সেবা করতে পারে, এটাই আমার বড় চাওয়া।” তিন বোনই তাদের ভালো ফলের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ