নড়াইলে কালবৈশাখীর তাণ্ডবে ৩ শিক্ষার্থী আহত

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ণ
নড়াইলে কালবৈশাখীর তাণ্ডবে ৩ শিক্ষার্থী আহত

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একটি বিদ্যালয় বিধ্বস্ত হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কালিয়া উপজেলার মির্জাপুর শামছুর নাহার কেজি স্কুলে এ ঘটনা ঘটে। এতে ৩ শিশু শিক্ষার্থী আহত হয়েছে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে ওই বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে স্কুলের পেছনের একটি নারিকেল গাছ ভেঙে টিনের চালের ওপর পড়ে। টিন ও বাঁশের তৈরি স্কুল ঘরটি মুহূর্তেই বিধ্বস্ত হয়ে পরীক্ষার্থী শিশুদের ওপর পড়ে। এতে সিয়াম শেখ (১১) সহ অন্তত ৩ জন শিক্ষার্থী আহত হয়। সিয়াম ওই স্কুলের ৩য় শ্রেণির ছাত্র এবং সীতারামপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

আহতদের দ্রুত উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে ছেড়ে দেওয়া হলেও সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে এবং খুলনায় চিকিৎসাধীন শিক্ষার্থীর অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইজাজ মাহমুদ গাজী জানান, প্রাকৃতিক দুর্যোগে বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং শিক্ষার্থীরা আহত হওয়ায় শিক্ষা কার্যক্রমে সাময়িক অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন