বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু জুলাইয়ে: শিক্ষামন্ত্রী

প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ণ
বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু জুলাইয়ে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আগামী জুলাই মাসে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর পাশাপাশি সারা দেশে মিড-ডে মিল (দুপুরের খাবার) চালু করা এবং পাঠদান প্রক্রিয়াকে আধুনিক করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

আজ সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ শারীরিক ও মানসিক বিকাশের জন্য শুধু মুখস্থ বিদ্যা বা শ্রেণিকক্ষের লেখাপড়াই যথেষ্ট নয়। এর পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের অন্যতম বড় সমস্যা সেশনজট নিরসনে সরকারের নেওয়া উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, সেশনজট পুরোপুরি কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন থেকে পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা যেন কোনো ধরনের সময় অপচয় ছাড়াই সরাসরি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

বই উৎসব ও শিক্ষা বাজেট প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সব স্কুলে পরিমার্জিত ও সংশোধিত নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখেই শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন