প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য: শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রতিটি সংসদীয় আসনে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, সরকার প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করছে— যা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।
প্রকৃত ঘটনার ব্যাখ্যা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মূলত বলেছিলেন, ‘মাননীয় সংসদ সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় হাইস্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ নিয়ে আমাদের কাছে আসেন। কিন্তু, প্রাথমিক বিদ্যালয়ের জন্য কোনো সুপারিশ করেন না।’
বক্তব্যের ধারাবাহিকতায় মন্ত্রী ওই অনুষ্ঠানে আরও বলেছিলেন, ‘সরকারের লক্ষ্য দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা।’ মূলত মন্ত্রীর এই বক্তব্যকে বিকৃত ও ভুলভাবে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
এ ধরনের মনগড়া ও অসত্য সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশের সর্বস্তরের জনগণকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস সূত্রে এই তথ্য জানা গেছে।
|