একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
অনলাইন ডেস্ক: দেশের অবকাঠামো শক্তিশালীকরণ, বন্যা নিয়ন্ত্রণ, নদী ব্যবস্থাপনা এবং কারিগরি শিক্ষার সম্প্রসারণে ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে মোট ৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি সম্পূর্ণ নতুন এবং বাকি দুটি সংশোধিত প্রকল্প।
আজ মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি অর্থবছরের গুরুত্বপূর্ণ একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এই ৫ প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল (জিওবি) থেকে জোগান দেওয়া হবে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা। বাকি ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা প্রকল্প ঋণ হিসেবে বৈদেশিক সহায়তা থেকে সংস্থান করা হবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প’ অন্যতম। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে। সেগুলো হলো— ফেনী জেলার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প (প্রথম পর্যায়) পুনর্বাসন’, ‘করতোয়া নদী ব্যবস্থার উন্নয়ন প্রকল্প’ এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়ীয়া এলাকা ও কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকাকে পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষায় একটি সংশোধিত প্রকল্প।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (তৃতীয় সংশোধিত)’ শীর্ষক পঞ্চম প্রকল্পটিও আজকের সভায় চূড়ান্ত অনুমোদন পায়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই একনেক সভায় পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে ইতোমধ্যে অনুমোদিত হওয়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও চারটি প্রকল্পের বিষয়ে অবহিত করা হয়।
এই ছোট প্রকল্পগুলো হলো— বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনাদের ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, সাভারে নেভি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা, মৌলভীবাজারের শমশেরনগর বিমান বাহিনী স্টেশনের বিএএফ শাহীন কলেজের অবকাঠামো উন্নয়ন এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ত্রিপিটক শিক্ষা কার্যক্রমের চতুর্থ পর্যায়।
কর্মকর্তারা জানান, আজকের একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের গ্রামীণ অবকাঠামো জোরদারের পাশাপাশি শিল্প বিনিয়োগের পরিবেশ উন্নত হবে এবং নদী ভাঙন রোধে বড় ভূমিকা রাখবে।
|