সিরাজগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদকমুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ গড়ে তোলার প্রত্যয়ে এবং তরুণ প্রজন্মের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এক মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) সকাল ১০টায় সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে এই সভার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সিরাজগঞ্জ জেলা কার্যালয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে রচনা, চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদক এক ভয়াবহ ব্যাধি। এটি কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার এবং পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “মাদকের কুফল সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে এবং নিজ নিজ এলাকা থেকে মাদক কারবারি ও সেবনকারীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেজিনা আক্তার। তিনি বলেন, “মাদকদ্রব্য নির্মূল করতে এর কুফল সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শিক্ষক-শিক্ষিকারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। পরিবার ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এমন সচেতনতামূলক সভার প্রয়োজন রয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম। তিনি সমাজ থেকে মাদক নির্মূল করতে মাদকবিরোধী সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলামসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন