গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ণ
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ

মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঢাকাগামী লেনে দুটি যাত্রীবাহী বাসের মাঝে চাপা পড়ে একটি প্রাইভেটকার সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে। এই ঘটনায় মোস্তাফিজুর রহমান লিটন (৪৫) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন হাসান রাবার কোম্পানির সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত লিটন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিম নগর গ্রামের বাসিন্দা এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটির মালিক বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের ঢাকাগামী লেনের পাশে প্রাইভেটকারটি স্থিরভাবে পার্কিং করা অবস্থায় ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ‘এশিয়া ট্রান্সপোর্ট’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং করা প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, প্রাইভেটকারটি ছিটকে গিয়ে সামনে থাকা অপর একটি যাত্রীবাহী ‘হিমাচল পরিবহন’-এর বাসের পেছনে আছড়ে পড়ে।

দুই বাসের মাঝে পিষ্ট হয়ে প্রাইভেটকারটি মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়। এ সময় গাড়ির ভেতরে থাকা মালিক মোস্তাফিজুর রহমান লিটন শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। তবে চালক মালেক অক্ষত আছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ভবেরচর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে ব্যবসায়ী লিটনকে উদ্ধার করে। পরে তাঁকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী প্রাইভেটকার চালক মালেক বলেন, “আমার প্রাইভেটকারটি মহাসড়কের পাশে একদম স্থিরভাবে দাঁড় করানো ছিল। হঠাৎ করেই পেছন থেকে এশিয়া ট্রান্সপোর্টের একটি বাস এসে আমাদের গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। চোখের পলকে গাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং আমার গাড়ির মালিক স্যার গুরুতর আহত হন।”

দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকাগামী লেনে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে ধীরগতি ও দীর্ঘ জটলার সৃষ্টি হয়। তবে হাইওয়ে পুলিশের তৎপরতায় দ্রুত দুর্ঘটনাকবলিত গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে নেওয়া হলে অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটি আটক করার প্রক্রিয়া চলছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন