শিক্ষার্থীরা পাচ্ছে ১৬ থেকে ২৩ দিনের টানা ছুটি

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ণ
শিক্ষার্থীরা পাচ্ছে ১৬ থেকে ২৩ দিনের টানা ছুটি

শিক্ষা ডেস্ক: পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, কারিগরি প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি কার্যকর হবে। তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষার্থীরা টানা ১৬ থেকে ২৩ দিনের এক বিশাল অবকাশের সুযোগ পাচ্ছে।

সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে ৪ জুন বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এর আগের দুই দিন (২২ ও ২৩ মে) শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে শিক্ষার্থীদের শেষ কর্মদিবস। ছুটির পর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে আগামী ৭ জুন রোববার থেকে এসব প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান শুরু হবে। অর্থাৎ, সাধারণ স্কুল ও কলেজের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে।

মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে ১১ জুন বৃহস্পতিবার পর্যন্ত চলবে। পরবর্তী ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে আগামী ১৪ জুন রোববার থেকে মাদ্রাসাগুলো খুলবে। এর ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা প্রায় ২৩ দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছে।

পরবর্তী ছুটির তালিকা: দীর্ঘ এই ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বছরের পরবর্তী মাসগুলোতে আরও কিছু ছুটি নির্ধারিত রয়েছে: ২৯ জুলাই: আষাঢ়ী পূর্ণিমা। ৫ আগস্ট: জুলাই গণ-অভ্যুত্থান দিবস  আগস্ট: আখেরি চাহার সোম্বা। ২৬ আগস্ট: ঈদে মিলাদুন্নবী (সা.)। সেপ্টেম্বর মাস: শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম।

মূলত পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন প্রচণ্ড দাবদাহের সময় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিশ্রামের কথা বিবেচনা করেই প্রতিবছর শিক্ষাপঞ্জিতে এই দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন