মালয়েশিয়ায় একসঙ্গে ১৫ যানবাহনের ভয়াবহ সংঘর্ষে ৩ তরুণ নিহত
অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার ইপো এলাকার জালান জেলাপাং-আম্পাং সড়কে ১২টি মোটরসাইকেল ও তিনটি গাড়ির মধ্যবর্তী ভয়াবহ সংঘর্ষে তিন তরুণ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মালয় মেইলের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় ভোর ৩টা ৩৫ মিনিটে মেরু থেকে তামবুনের দিকে যাওয়ার পথে ১৫টি যানবাহনের মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ইপো জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মুহাম্মদ নাজিব হামজাহ জানান, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলেই ১৯ ও ২০ বছর বয়সী দুই মোটরসাইকেল আরোহী মারা যান।
ঘটনায় আহত ৯ জনকে দ্রুত রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালের (এইচআরপিবি) জরুরি ও ট্রমা বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ বছর বয়সী আরেক তরুণের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় তিনে। তবে দুর্ঘটনায় জড়িত তিনটি গাড়ির চালকই অক্ষত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।