ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

অনলাইন ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। আগামী তিন মাসব্যাপী গৃহীত কর্মসূচির আওতায় এখন থেকে প্রতি শনিবার দক্ষিণ সিটি কর্পোরেশনের সবকটি ওয়ার্ডে এই বিশেষ অভিযান চালাবে কর্তৃপক্ষ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের প্রত্যক্ষ পরিচালনায় 'ক্লিনিং ডে' হিসেবে দক্ষিণ সিটির ১০টি অঞ্চলে একযোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

অভিযানের সময় ৭৫টি ওয়ার্ডের বিভিন্ন আবাসিক এলাকা, সড়ক, অলিগলি, ড্রেন-নালা, নির্মাণাধীন ভবন, ছাদ ও পরিত্যক্ত স্থাপনায় পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হয়। কোথাও জমে থাকা পানি পাওয়া গেলে তা দ্রুত অপসারণ করার পাশাপাশি এডিস মশার লার্ভা সনাক্ত হওয়া মাত্র তা ধ্বংস করা হয়। এছাড়া পানি জমার উপযোগী পরিত্যক্ত ডাব ও নারকেলের খোসা, টায়ার ও প্লাস্টিকের পাত্র পরিচ্ছন্ন করে ফগিং ও লার্ভিসাইডিং ছিটানো হয়।

পরিচ্ছন্নতা ও মশক নিধনের পাশাপাশি নগরবাসীকে সচেতন করতে ৭৫টি ওয়ার্ডেই সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ জানায়, কেবল ওষুধ ছিটিয়ে এডিস মশা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সাধারণ নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতা।

ডিএসসিসির পক্ষ থেকে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও এর আশপাশের আঙ্গিনা পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমতে না পারে সে বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন