বলিভিয়ায় নতুন প্রজাতির বন্য বিড়াল 'লিওপার্ডাস টিলকায়ো' শনাক্ত
অনলাইন ডেস্ক: ১০০ বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক বিজ্ঞানীদের গবেষণায় বন্য বিড়ালের একেবারেই নতুন এক প্রজাতি আনুষ্ঠানিকভাবে শনাক্ত ও নামকরণ করা হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার ইয়ুঙ্গাস অঞ্চলের ক্রান্তীয় মেঘাচ্ছন্ন বনাঞ্চল (ট্রপিক্যাল ক্লাউড ফরেস্ট) সংলগ্ন একটি অভয়ারণ্য থেকে বিড়ালটি শনাক্ত করা হয়। 'কারেন্ট বায়োলজি' জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে প্রজাতিটির নাম দেওয়া হয়েছে ‘লিওপার্ডাস টিলকায়ো’ (Leopardus tilcayo)।
গবেষণার প্রধান লেখক এবং ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার পাওলা নোগালেস-আসকারুনজ জানান, উদ্ধারকৃত প্রায় ১০ বছর বয়সী পুরুষ বিড়ালটি সাধারণ গৃহপালিত বিড়ালের চেয়েও ছোট। মাথা থেকে লেজের গোড়া পর্যন্ত এর দৈর্ঘ্য মাত্র ১৮ ইঞ্চি (৪৬ সেন্টিমিটার) এবং ওজন মাত্র ১.৪ কেজি (৩ পাউন্ড)। এর হালকা বাদামী পশমের ওপর চিতাবাঘের মতো গাঢ় ছোপ দাগ রয়েছে।
কলম্বিয়া, পেরু, ব্রাজিলসহ বিভিন্ন দেশের বিড়ালের জীনোম বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে, ‘লিওপার্ডাস টিলকায়ো’ প্রায় ১৪ লাখ বছর আগে তার নিকটাত্মীয় প্রজাতিগুলো থেকে পৃথক হয়ে গিয়েছিল। ১৯২৩ সালে উরুগুয়েতে ‘পাম্পাস ক্যাট’ শনাক্তকরণের পর এটিই প্রথম আনুষ্ঠানিক কোনো নতুন বিড়াল প্রজাতি হিসেবে তালিকায় যুক্ত হলো। বর্তমানে এই বিরল প্রাণীটির আবাসস্থল সুরক্ষিত করা ও বন উজাড় রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন গবেষকরা।