যাত্রাবাড়ীতে ৭ তলা ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির করুণ মৃত্যু

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ণ
যাত্রাবাড়ীতে ৭ তলা ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির করুণ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি নবনির্মিত ভবনে কাজ করার সময় মাচাং থেকে নিচে পড়ে আল আমিন (২৫) নামে এক রাজমিস্ত্রির করুণ মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাজলার একটি ৭ তলা ভবনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আল আমিন চাঁপাইনবাবগঞ্জ জেলার দারিয়াপুর গ্রামের মো. মকুলের ছেলে। তিনি কাজলা এলাকাতেই একটি ভাড়া বাসায় থাকতেন।

ভবনের মালিক বাছির উদ্দিন জানান, দুপুরে ভবনের ৭ তলায় মাচাংয়ে দাঁড়িয়ে বাইরের অংশে প্লাস্টারের কাজ করছিলেন আল আমিন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট যাত্রাবাড়ী থানাকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন