দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১০৫৩
অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৫৩ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম ও এর নানা উপসর্গ শনাক্ত করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রেস প্রতিবেদনে এসব উদ্বেগজনক তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে ১০১ জন রোগী মারা গেছেন। অন্যদিকে হামের তীব্র উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন ৯৫২ জন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এ সময়সীমার মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন রোগী। যার মধ্যে চিকিৎসা সেবা গ্রহণ করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন। বর্তমানে বাকি আক্রান্তরা দেশের নানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।