প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজ করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ
প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজ করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান

সাঈদ পান্থ, বরিশাল: নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির চেয়েও বেশি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রাজীব আহসান।

শনিবার মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, "নারী কল্যাণে ফ্যামিলি কার্ড পরিকল্পনা বাস্তবায়নসহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করব।"

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে এলাকার জনপ্রিয় ও গ্রহণযোগ্য নারী নেতৃত্ব খুঁজে বের করে দলের কাছে প্রস্তাব দেওয়ার জন্য তিনি মহিলা দলের নেতৃবৃন্দকে দায়িত্ব দেন। একই সঙ্গে জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন ব্যক্তিদের দলীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার নির্দেশ দেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি জীবন নাহার বেগমের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটনসহ উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন