কোটালীপাড়ায় চিরকুট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা
আরিফ হাজরা, কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় লেখাপড়ার চাপ সহ্য করতে না পেরে মা-বাবার উদ্দেশ্যে চিরকুট লিখে শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উনিশিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শরিফা ইসলাম ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে এবং কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পেছনের কাঁঠালগাছে ঝুলন্ত অবস্থায় শরিফাকে দেখতে পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন মাহমুদা খানম জানান, আগামী ২৮ সেপ্টেম্বর শরিফার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষার প্রস্তুতি আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে সে আত্মহত্যা করে থাকতে পারে।
আত্মহত্যার পর শরিফার পড়ার টেবিলে মা-বাবার উদ্দেশ্যে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে সে লিখেছে, পরীক্ষায় ভালো ফলাফল করতে না পারলে স্বজন ও শিক্ষকদের সামনে দাঁড়ানোর লজ্জা এড়াতেই সে এ পথ বেছে নিয়েছে এবং মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনা করেছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা