কয়রায় কাপড়ের দোকানে আগুনে ব্যাপক ক্ষতি

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ণ
কয়রায় কাপড়ের দোকানে আগুনে ব্যাপক ক্ষতি

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি পুরাতন কাপড়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ১৫ জুন রাত আনুমানিক ১২টার দিকে কয়রা বাজারের মধুর মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের মধুর মোড় সংলগ্ন আবু ঈছার পুরাতন কাপড়ের দোকানে বৈদ্যুতিক আয়রন মেশিন (ইস্ত্রি) চালু অবস্থায় প্লাগে লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, দীর্ঘক্ষণ সচল থাকায় অতিরিক্ত উত্তপ্ত হয়ে আয়রন মেশিন থেকেই মূলত আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার সময় দোকানটির সাটার সম্পূর্ণ বন্ধ ছিল। রাত গভীর হওয়ায় বাজারে মানুষের চলাচলও ছিল সীমিত, যার ফলে আগুন লাগার বিষয়টি শুরুতে কারও নজরে আসেনি। বেশ কিছুক্ষণ পর ‘চন্দন সেলুন’-এর মালিক চন্দন নামের একজন স্থানীয় ব্যবসায়ী দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কয়রা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় জনতার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও সাটার খোলার আগেই দোকানের ভেতরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবু ঈছা আক্ষেপ করে বলেন, "প্রতিদিনের মতো ঘটনার দিনও আমি সন্ধ্যা ৭টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। তাড়াহুড়োয় হয়তো কাপড়ের আয়রন মেশিনের সুইচটি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। রাত ১২টার দিকে হঠাৎ খবর পাই দোকানে আগুন লেগেছে। ছুটে এসে দেখি আমার সব শেষ।"

কয়রা উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আঃ আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বাজারে মানুষের চলাচল কম থাকায় আগুন শুরুতে কেউ দেখতে পায়নি, ফলে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন চারপাশের অন্যান্য দোকানে ছড়াতে পারেনি। প্রাথমিকভাবে দোকানে থাকা আয়রন মেশিন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন