বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ণ
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৫ জুন) উপজেলার রহমতপুর ও দেহেরগতি ইউনিয়নে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের মধ্যে একজন ইলেকট্রিক মিস্ত্রি এবং অপরজন নির্মাণ শ্রমিক।

জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া পাঁচ রাস্তা এলাকার কাশেম খার বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মো. শুভ (২০)। তিনি চাঁদপাশা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ জসিমের ছেলে।

স্বজনরা জানান, দুপুরের দিকে শুভ ওই বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত ও সংযোগ দেওয়ার কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

অন্য ঘটনায়, দেহেরগতি ইউনিয়নের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) সংলগ্ন রাকুদিয়া এলাকায় সুগন্ধা নদীর ভাঙনরোধ প্রকল্পে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান নির্মাণ শ্রমিক আল-আমিন (২৮)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের ব্লক নির্মাণকাজে নিয়োজিত ছিলেন আল-আমিন। দুপুর ১২টার দিকে ব্লক তৈরির কাজে ব্যবহৃত ভাইব্রেটর মেশিন পরিচালনার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।

সহকর্মী নির্মাণ শ্রমিক আল মামুন বলেন, “আমরা কয়েকজন শ্রমিক বালু ও সিমেন্টের কাজ শেষ করে অন্য পাশে ছিলাম। আল-আমিন ভাইব্রেটর মেশিন চালানোর কিছুক্ষণ পর হঠাৎ চিৎকার করে ওঠেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে আমরা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করি।” উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন