কুবির সঙ্গে কাজ করতে আগ্রহী পাকিস্তানি বিশ্ববিদ্যালয়
কুবি প্রতিনিধি: পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্সেস (ফাস্ট-এনইউসিইএস) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন একাডেমিক কার্যক্রমে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক শিক্ষা অফিসের প্রধান মির্জা ওয়াকার বেগের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে কুবির পক্ষে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুর রহমান এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান।
বৈঠকে মির্জা ওয়াকার বেগ জানান, ফাস্ট-এনইউসিইএসের করাচি, লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার, চিনিওট-ফয়সালাবাদ ও মুলতানসহ ৬টি ক্যাম্পাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে তারা আগ্রহী। এ ছাড়া কুবি থেকে যাওয়া শিক্ষক-শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফ, আবাসন সুবিধা, গ্রীষ্মকালীন স্কুল এবং দীর্ঘ ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সুযোগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি বিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষার্থীদের বাধ্যতামূলক ইন্টার্নশিপের ক্ষেত্রে পাকিস্তানের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তার প্রতিশ্রুতিও দেন ফাস্ট-এনইউসিইএস প্রতিনিধি।
আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান বলেন, “পাকিস্তানি প্রতিনিধিরা মূলত গত ১১ মে ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডর’ শিক্ষা মেলায় অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন। সেই সূত্রে তাঁদের সাথে আমার কথা হয় এবং কুবির নতুন ক্যাম্পাস পরিদর্শনের আমন্ত্রণ জানাই। দুই পক্ষই সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আন্তরিক আগ্রহ প্রকাশ করেছে। আমাদের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম স্যার শুরু থেকেই বিষয়টি সম্পর্কে অবগত আছেন।” তিনি আরও বলেন, “তুরস্ক, আলজেরিয়া ও মালয়েশিয়ার পর পাকিস্তানেও কুবির শিক্ষার্থীদের জন্য নতুন একটি সুযোগের দরজা খুলতে যাচ্ছে। আমাদের বিজ্ঞানভিত্তিক বিভাগগুলো এ সহযোগিতা থেকে বিশেষভাবে উপকৃত হবে।”
এ.আই.এল/সকালবেলা
|