প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা সম্প্রসারণে উদ্ভাবনী মডেল কাজে লাগাতে চায় সরকার
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রত্যন্ত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে শিক্ষা পৌঁছে দিতে বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর উদ্ভাবনী শিক্ষা উদ্যোগগুলো জাতীয় পর্যায়ে সম্প্রসারণে সরকার কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (১০ জুন, ২০২৬) রাজধানীর একটি হোটেলে ইউনেসকো আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সফল মডেলগুলোকে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষা ও দক্ষতার আলো পৌঁছে যায়।
তিনি আরও বলেন, ভাসমান বা নৌকাভিত্তিক বিদ্যালয় একটি কার্যকর ও পরীক্ষিত শিক্ষা মডেল, যা দীর্ঘদিন ধরে সফলভাবে পরিচালিত হচ্ছে। এই অভিজ্ঞতাকে দেশের অন্যান্য অনুরূপ অঞ্চলে সম্প্রসারণের সুযোগ রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, শুধু উদ্যোগ গ্রহণ নয়, সেগুলো সফলভাবে বাস্তবায়ন করে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। এ ধরনের সফল শিক্ষা উদ্যোগ জাতীয় পর্যায়ে সম্প্রসারণে সরকার সহযোগিতা করবে।
অনুষ্ঠানের শেষে তিনি বাংলাদেশের শিক্ষা উন্নয়নে ইউনেসকোর অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এ সময় ইউনেসকো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কারপ্রাপ্ত সিধুলাই স্বনির্ভর সংস্থাকে তিনি অভিনন্দন জানান।
অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি সুসান ভাইজসহ অনেকে উপস্থিত ছিলেন।
|