১৫ বছর বেতনহীন চাতলপাড় কলেজের শিক্ষকরা

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ণ
১৫ বছর বেতনহীন চাতলপাড় কলেজের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার প্রত্যন্ত হাওড় অঞ্চলের উচ্চশিক্ষার প্রধান কেন্দ্র 'চাতলপাড় ডিগ্রি কলেজ'। প্রয়োজনীয় সব একাডেমিক অনুমোদন এবং পরীক্ষার সন্তোষজনক ফলাফল থাকা সত্ত্বেও দীর্ঘ ১৫ বছরেও এমপিওভুক্ত হয়নি প্রতিষ্ঠানটির ডিগ্রি (পাস) শাখা। ফলে শিক্ষক সংকটে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে শাখাটি।

১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাসিরনগরে রাষ্ট্রীয় সফরে এলে স্থানীয় অধিবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে চাতলপাড় এলাকায় কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন এবং নিজের তহবিল থেকে অনুদান প্রদান করেন। পরবর্তীতে স্থানীয়দের দান করা তিন একর জমির ওপর কলেজটি গড়ে ওঠে।

উপজেলা সদর থেকে ২২ কিলোমিটার দূরের এই কলেজে পৌঁছাতে ১৪ কিলোমিটার পাড়ি দিতে হয় নৌপথে, বাকি অংশ কাঁচা সড়ক। বর্ষাকালে যাতায়াতে সময় লাগে ২ থেকে ৩ ঘণ্টা। ফলে দুর্গম পথে নিয়মিত যাতায়াত শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কঠিন।

বর্তমানে কলেজে সাড়ে পাঁচশত শিক্ষার্থী পড়ালেখা করছে। মোট ২৭ জন শিক্ষকের মধ্যে উচ্চ মাধ্যমিক শাখার ১৭ জন সুবিধা পেলেও ডিগ্রি শাখার ১০ জন শিক্ষক বিগত ১৫ বছর ধরে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না।

ডিগ্রি শাখার শিক্ষক আলফাজ উদ্দিন আক্ষেপ করে বলেন, "চাকরি জীবনের ১৫ বছর বিনাবেতনে কেটে গেল, এখন বয়সও শেষ। সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।"

কলেজের অধ্যক্ষ মো. ওমর আলী জানান, ২০১১ সাল থেকে তিনবার আবেদন করা হলেও শিক্ষা দপ্তর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান জানান, ডিগ্রি শাখাটি এমপিওভুক্ত করতে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর দপ্তরে ডিও লেটার দেওয়া হয়েছে। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত সমাধান না হলে ডিগ্রি শাখাটি বন্ধ হয়ে যেতে পারে, যা ভাটি অঞ্চলের শিক্ষার্থীদের—বিশেষ করে নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা মারাত্মকভাবে ব্যাহত করবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন